Monday, January 11, 2016

আমি যাতে অবিরাম লিখে যাই কেবল
সে কারণেই ছিল তোমার প্রাণন্তকর অনুরোধ ।
আমি যেন তোমার নাক নিয়ে লিখি, বুক নিয়ে লিখি,
তোমার চোখ নিয়ে লিখি,মুখ নিয়ে লিখি, চুল নিয়ে লিখি,
তোমার হাসি নিয়ে লিখি- তুমি তাই চেয়েছিলে।
তুমি এও চেয়েছিলে যে –
তোমার অবুঝ শাসনে আমার পরাজিত হওয়া নিয়ে লিখি,
তোমার আমার ভালবাসা নিয়ে লিখি,
তোমার অকারণ জেদ নিয়ে লিখি ।
কিন্তু আমার যে এতোসব নিয়ে লিখতে মন সায় দেয় না ।
আমি লিখতে চাই- ঘাম নিয়ে, রক্ত নিয়ে,অসহায় মানুষ নিয়ে,
বুলেট নিয়ে, বুলেটে বিদ্ধ বুক নিয়ে।
আমি এও চাই যে –
আমি ক্ষুধা নিয়ে লিখি, ক্ষুধার্ত মানুষ নিয়ে লিখি,
শ্লোগান নিয়ে লিখি, হাহাকার নিয়ে লিখি ।
আর এতসব লিখতে লিখতে আমি ঘেমে যেতে চাই ।
আমার এই ঘাম দেখে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে তুমি ।
বড় বেশি অসহায় মনে হবে তোমাকে ।
আবার সেই অসহায় মানুষকে নিয়ে আমি আর
একটা কবিতা লিখবো ।
তুমি আমার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে বলবে –
মানতেই হবে তোমার বুকে আগুন আছে ।।

No comments:

Post a Comment