Monday, January 11, 2016

অবণী,মাঝে মাঝে তোমাকে পলাতক আসামী মনে হয় আমার -পলাতক আসামী ?
-হুম
-তাহলে তুমি কি ?
-আমি জেল সুপার কিংবা জজ সাহেব ।
-ইদানীং বড্ড বাজে বকছো তুমি ,কবি ।
-বাজে নয়;নিজেই খেয়াল করে দেখোনা
কিছুদিন পরপর আমার কাছে হাজিরা দাও ,
সুতোয় টান না পড়লে যেন আসতে মানা ,
মনের আদালত প্রাঙ্গণে ভুলেও ঢুঁ মারার প্রয়োজনীয়তা অনুভব করো না ।
-ও এই কথা ! তো কি প্রমাণ আছে তোমার কাছে ?
-আছে তো ; তোমার গায়ের গন্ধটা কেমন পাল্টে গেছে ,
ঠোঁটটা বেশ খসখসে ,
চুলগুলোতে কিছুটা জড়তা ,
চোখের নিচে কালি...
-ব্যস,ব্যস হয়েছে , শব্দের জাদুতে কোন ফন্দি ফিকির চলবে না ।
-কিসের আবার ফন্দি ফিকির ?
-ন্যাকা , বড্ড লোভী হয়ে যাচ্ছো তুমি,কবি ।
আমাকে আসামী বানিয়ে হাজিরা দিতে আনছো ,
জামিন নামন্জুর করার হুমকি দিচ্ছো ,
হয়তো গুমও করে দেবে একসময় ।
-দিতেই পারি ; দাবী না মানলে যে কোন কিছু হবে ,
আন্দোলন-শ্লোগাণ-হানাহানি
দরকার হলে গুম ।
-পারবে তো ?
-নিশ্চয়ই,আজ থেকে প্রতিদিন তোমাকে হাজিরা দিতে হবে.
প্রয়োজনে পাঠাবো হাজতে ।
-তবে তাই হোক । কবির মনকে চুরি করার জন্য আমার হোক যাবজ্জীবন ,
আজীবন রিমান্ডে নিয়ে আমাকে দেয়া হোক আর্তনাদ উপহার । শুধু কবি সমীপে একটা প্রার্থনা ;
-কি ?
-রাখবে তো ?
-কিছু কিছু আসামীর জামিন নামন্জুর করা হয় জজ সাহেবের নিজের প্রয়োজনেই ।
-তাহলে পোড়াবেই যখন বড় নির্মম ভাবে পোড়াও আমায় ,
আমাকে ছাই বানাও,
ভস্ম করে দাও আমাকে ।
-স্বেচ্ছায় কেন এমন মরণের সাধ,অবণী ?
-তুমি বুঝবে না ,কবি ।
-বুঝবো,তুমি বলো ।
-যেদিন তুমি বুঝতে পারবে
কিসের নেশায় মরবে জেনেও পতঙ্গ আনন্দে লাফিয়ে পড়ে আগুনে ;
সেদিন তুমি বুঝবে-আমি একজন নারী ছিলাম ।

No comments:

Post a Comment